চোটজর্জিত রিয়াল মাদ্রিদ শিবিরে আরও বড় দুঃসংবাদ। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন ইডেন হ্যাজার্ড। মাংসপেশিতে চোটের কারণে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
হ্যাজার্ডের ইনজুরি রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। আগামী শনিবার লিগে রিয়ালের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্কা। মঙ্গলবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে তারা।
আগামী ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় আটালান্টার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল। আগামী ৭ মার্চ লিগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে হ্যাজার্ডকে পাবে না রিয়াল। তবে ১৬ মার্চ দ্বিতীয় লেগে হয়তো তার দেখা মিলতে পারে। ইনজুরির সঙ্গে হ্যাজার্ডের সখ্যতা বেড়েই চলেছে। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে দুইবার মারাত্মক গোড়ালির চোটে পড়েন তিনি।
চলতি মৌসুমের শুরুতে গোড়ালির চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন হ্যাজার্ড। এর মাঝে করোনায় আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহ আইসোলেশনে ছিলেন তিনি। করোনামুক্ত হয়ে মাঠে ফিরে ফের ইনজুরিতে পড়লেন তিনি।
বার্তাবাজার/এস.জি