এম আজাদ হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক শওকত (৩০) নিহত হলেও একই মোটরসাইকেলে থাকা তার ১০ বছরের মেয়ে সুমাইয়া অলৌকিকভাবে বেঁচে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের জোকা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শওকত দৌলতপুর উপজেলার চরমাস্তুল গ্রামের মৃত আক্কাছ আলী ওরফে ফটু শেখের ছেলে।
দৌলতুপর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা মেট্টো-জ-১৪-৪৩০ নম্বরের ঘাতক বাসটি ঢাকা থেকে নাগরপুরের ধুবড়িয়া যাচ্ছিল। মোটরসাইকেল আরোহী শওকত ঘিওরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জোকা নামক স্থানে বাসটি শওকতকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তবে মোটরসাইকেলের ফিছনে থাকা শওকতের ১০ বছরের মেয়ে সুমাইয়া অলৌকিকভাবে ছিটকে পড়ে বেঁচে যায়। তবে সে সামান্য আহত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারী ভিড়ের মধ্যে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা এবং ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।