কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুর রহমান সজীব (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র সজীব উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাঁতপুর এলাকার আলহাজ্ব আনিছুর রহমানের ছেলে ও জয়নগর কাশিমারি আমিনিয়া আলিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে মাদ্রাসা ছাত্র উপজেলার নলতা থেকে দাঁতপুর নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ভাড়াশিমলা ইউনিয়নের সিদ্দিরপুকুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খেঁজুর গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে থানার উপ-পরিদর্শক সঞ্জীব সমাদ্দার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেখ শাওন আহমেদ/বার্তাবাজার/এ.আর