ঢাকার কেরানীগঞ্জে জোসনা বেগম (২৮) নামের এক গৃহবধূকে হাত-পায়ের রগ কেটে যৌনাঙ্গে ছুড়িকাঘাত করে হত্যা করেছে পাষণ্ড স্বামী।বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোরে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্বামী সুমন মোল্লা তার দুই মেয়েকে নিয়ে পলাতক রয়েছে। সে বরগুনা জেলার নলছিটি থানাধীন রায়পুরার জহুর আলীর ছেলে।
জানা যায়, অভাবের সংসারে সুমন মোল্লার রাজমিস্ত্রির কাজে সংসার চলত না। সুমন মোল্লা মাদকাসক্ত থাকায় প্রায়ই জোসনার সাথে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ঝগড়া-ঝাটির একপর্যায়ে আজ ভোর রাতে স্ত্রীকে হাত পায়ের রগ কেটে ও যৌনাঙ্গ ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে এমনটাই দাবি করেছেন নিহতের বোন হোসনে আরা।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মাদকাসক্ত স্বামী রাতের কোন এক সময়ে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে উধাও হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামীকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রানা আহমেদ/বার্তাবাজার/এসজে