উত্তরায় বার, ক্লাব ও স্পা সেন্টারে পুলিশের অভিযান, আটক ২২

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অবস্থিত আবাসিক হোটেল, বার, রেস্টুরেন্ট, তারকা হোটেল, স্পা, ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উত্তরা বিভাগ উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম -এর নেতৃত্বে পরিচলাইত এই অভিযানে আটক করা হয়েছে মোট ২২ জনকে।

জানা যায়, উত্তরার তিন নম্বর সেক্টরস্হ প্যারাডাইস টাওয়ারে অবস্থিত বাম্বু শুট চাইনিজ রেস্টুরেন্ট হতে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের ৪ টি খালি বোতল উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

৫ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে অবস্থিত লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ৫১ বোতল বিদেশী মদ এবং অর্ধ শতাধিক বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়। একই সাথে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ক্লাবটি লাইসেন্স নিয়ে বার পরিচালনা করলেও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদের ব্যাপারে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। ক্লাবটির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়া তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে অবস্থিত এয়ারোলিং আবাসিক হোটেল হতে ৬০টি হান্টার বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতল জব্দসহ ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এসব ক্লাব, বার, রেস্টুরেন্ট ছাড়াও উত্তরা ৯ নম্বর সেক্টরস্হ হোটেল গ্র্যান্ড প্যালেস, হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরস্হ হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরস্হ হবনব চাইনিজ রেস্টুরেন্ট, ১২ নম্বর সেক্টর শাহ মখ্দুম এভিনিউ রোডে অবস্থিত লাভলীন রেস্টুরেন্ট এর পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করা হয়। একই ভবনে অবস্থিত একটি স্পা হাউসে এবং সিগনেচার ক্লাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট প্রায় ৩৮ লিটার বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়েছে। লিজেন্ড ক্লাব লিমিটেড বার, এয়ারোলিংক আবাসিক হোটেল, ১২ নম্বর সেক্টরের সিসা বার এবং বাম্বু শুট চাইনিজ রেস্টুরেন্ট হতে আটক মোট ২২ জনের মধ্যে ৮ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে এবং ১৪ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকদের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার, সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক এবং ওসি- উত্তরা পশ্চিম থানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বেআইনি এবং অসামাজিক কার্যক্রম এর বিরুদ্ধে উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর