সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি ভিপি সম্পত্তির গাছ কর্তন করায় এ্যাসিল্যান্ডের নির্দেশে ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক কর্তণকৃত গাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত গাছ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট জিম্মায় রাখা হয়েছে।
জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের ১নং খাস খতিয়ানের কোমরপুর জোরপুকুর পাড়ের পুরাতন ১৭টি ইউক্যালিপ্টাস গাছ গত ২দিন ধরে কর্তণ করেছে একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলামের লোকজন।
পরে স্থানীয় দরিদ্র ভূমিহীন বাসিন্দারা উপজেলা প্রশাসনকে উক্ত বিষয়টি অবগত করলে প্রশাসনের নির্দেশে ধামাইনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. জিহাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছের মধ্যে ৫টি গাছ জব্দ করে ইউপি চেয়ারম্যানের নিকট জিম্মায় দেন।
এ দিকে গাছ কর্তনকারী সাইফুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, উক্ত জায়গা ব্যক্তি মালিকানা হওয়ায় আমি গাছ কর্তন করেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে গাছ গুলো জব্দ করে রেখেছে।
অপরদিকে ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন মুঠোফোনে বার্তা বাজারকে বলেন, কোমরপুর পুকুর ও পুকুর পাড় ৪৩৭ ও ৪৩৯ নং আর এস খতিয়ানের জায়গা সরকারি হওয়ায় সেখান কার সুফলভোগীদের নামে মৎস্য চাষ প্রকল্প থেকে ইজারা দেয়া হয়। কিন্তু জায়গা সরকারি হওয়ায় জনৈক সাইফুল নামের এক ব্যক্তি গাছ কর্তন করায় ভূমি অফিস কর্তৃক জব্দকৃত গাছ আমার জিম্মায় রেখে যান।
ধামাইনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিহাদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, এ্যাসিল্যান্ড স্যারের নির্দেশক্রমে সরেজমিনে গিয়ে তফশীল ভূমি সরকারি ভিপি হওয়ায় কর্তনকৃত গাছ চেয়ারম্যানের নিকট জিম্মায় দেয়া হয়েছে।
এম এ মালেক/বার্তাবাজার/এ.আর