কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ভোট চোরদের প্রতিহত করতে হবে। বর্তমান সরকার ফ্যাসিবাদি সরকার। এরা রাতে ভোট চুরি করে আবার দিনেও চুরি করে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় নগরকান্দা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলিমুজ্জামান সেলুর পক্ষে নির্বাচনী উপলক্ষে মধ্য জগদিয়া গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা সারাদিন ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। আপনাদের ভোট আপনারা পাহারা দিবেন। আর নিজের ভোট নিজে দিবেন। ভোট চোরেরা যেন ব্যালোটে হাত দিতে না পারে সেদিকে সজাগ থাকবেন। মনে রাখবেন ধানের শীষ জিতলে দেশের স্বাধীনতা জিতবে, ধানের শীষ জিতলে দেশে গণতন্ত্র পূণরুদ্ধার হবে, ধানের শীষ জিতলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ জিতবে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নগরকান্দা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলিমুজ্জামান সেলু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক শাজাহান মিয়া সম্রাট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, উপজেলা কৃষক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, পৌর যুবদলের সভাপতি হেলালুদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখন প্রমুখ।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর