ত্রিশালে ভয়াবহ অগ্নিকান্ড, তিন বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের মঠবাড়ী গ্রামে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘরের সকল আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।

উপজেলার বইলর ইউনিয়নের মাঠবাড়ী গ্রামের ট্রাক চালক হাফিজুল ইসলাম, বর্গাচাষি হামিদুল ইসলাম ও আমিরুল ইসলাম নামে তিন ভাই একই বাড়িতে স্ত্রী-সন্তানসহ ১৩ সদস্য নিয়ে পাশাপাশি ঘর তুলে বসবাস করেন। পৈতৃক সম্পত্তি বলতে বাড়িভিটে ছাড়া ফসলের কোন জমিজমা নেই তাদের। কঠিন পরিশ্রমে যা আয় তাই নিয়ে সুখের সংসার ছিল। আকস্মিকভাবে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তাদের বসতঘরে ভযাবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের পোড়া গন্ধে ঘুম ভাঙার পর ছোট ছোট শিশুদের নিয়ে প্রাণে বাঁচতে পারলেও ঘরের কোন আসবাবপত্র, ধান-চাল কিংবা গবাদিপশু রক্ষা করতে পারেননি।

নারী-শিশুসহ সকলের আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুইঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন বাড়িতে গিয়ে দেখা যায়, পুড়ে ছাই হয়ে যাওয়া তিনটি বসতঘরের ঘরসহ যাবতীয় আসবাবপত্র ও একটি খাদ্যশস্য আর গবাদিপশুর ঘরটি। ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে পুড়ে আঙ্গার হওয়া ছাগল ও হাঁস-মুরগি।

কান্নাজড়িত কন্ঠে হাবিবা বার্তা বাজারকে বলেন, প্রতিবেশীরা সকাল-দুপুরের খাবার দিয়া গেছে। সব ঘরতো পুইড়া গেছে, রাইতে থাহুম কই।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মুনিম সারোয়ার বার্তা বাজারকে জানান, দুইঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন বার্তা বাজারকে বলেন, অগ্নিকান্ডের বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

মতিউর রহমান সেলিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর