মিয়ানমারে রাজনৈতিক টানাপোড়নের কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর সচল হলো টেকনাফ সীমান্ত বাণিজ্য। সীমান্ত বাণিজ্যের আওতায় বুধবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরে ভিড়েছে পণ্যবাহী দু’টি ট্রলার।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে জিন্নাহ এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ট্রলার দু’টি বন্দরে ভিড়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী শওকত।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্য বার্তা বাজারকে জানান, মিয়ানমারে জরুরি অবস্থা জারির পর গত ১লা ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার দুই দিন পর্যন্ত মিয়ানমার থেকে কোন পণ্যবাহী ট্রলার টেকনাফ স্থল বন্দরে না আসায় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ কাজ করছিল। বুধবার শুটকি ও আচার বোঝাই দুটি ট্রলার বন্দরে ভিড়েছে। তবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমদানী রপ্তানী স্বাভাবিক হবে বলে আশাবাদী তারা।
জিন্নাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী শওকত বার্তা বাজারকে জানান, মিয়ানমারের রাজনৈতিক টানাপোড়নে স্থল বন্দর ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ছিলো। তবে আজকে পণ্যবাহী ট্রলার বন্দরে প্রবেশ করায় ব্যবসায়ীদের মাঝে কিছুটা হলেও স্বস্থি ফিরেছে।
টেকনাফ স্থল বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বার্তা বাজারকে জানান, বুধবার বন্দরে আসা ট্রলার দুটিতে দু’টি প্রায় দেড়’শ টন শুটকি ও আচার রয়েছে। তাছাড়া আরো কয়েকটি পণ্যবাহী ট্রলার আকিয়াব থেকে বন্দরের পথে রয়েছে।
বার্তাবাজার/এ.আর