চলন্ত বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু, পা নেই অপর যুবকের

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফিহাদ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় পা শরীর থেকে আলাদা হয়ে গেছে হৃদয় (২০) নামে অপর এক যুবকের। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিহাদ শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে। সে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আহত হৃদয় মাহমুদপুর মহল্লার জাহাঙ্গীরের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ মুঠোফোনে বার্তা বাজারকে জানান, মোটরসাইকেলে হৃদয় ও ফিহাদ ঢাকা রুটে যাচ্ছিলেন। পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে ফিহাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে আহত হৃদয়ের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এম এ মালেক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর