চট্টগ্রাম থেকে বিএনপি আন্দোলনের ডাক দিতে পারেন। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় চট্টগ্রামের চসিক নির্বাচনী এলাকায় আন্দোলন করার।
গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০ টায়। বৈঠকে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন তারেক রহমান।
সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ছাড়াও এই অনলাইন বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করা দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
বৈঠক সূত্রে জানা গেছে, টানা দুই ঘণ্টার এই বৈঠকে মেয়র প্রার্থীদের অভিজ্ঞতার কথা শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম ও কারচুপির’ অভিযোগ এনে আগামী কয়েক দিনের মধ্যে সেখানে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বুধবার ফের বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হবে।
এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা নজরুল ইসলাম মঞ্জু এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করা মজিবুর রহমান সারোয়ার।
মামুনুর রশিদ/বার্তাবাজার/এ.আর