ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার পরের দিন আছিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকিপাড়া গ্রামে একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোমিন মিয়া (২৫) নামে একজকে আটক করেছে।
জানা গেছে, সিংরইল ইউনিয়নের ঢাকিপাড়া গ্রামের রিয়াসত আলীর স্ত্রী আছিয়া খাতুন। স্বামীর মৃত্যুর পর আছিয়ার চার ছেলের মধ্যে সিরাজ মিয়া ও আঙ্গুর মিয়া ঢাকায় অবস্থান করেন। আর দুদু মিয়া বাড়িতে এবং মেরাজ মুন্সী প্রবাসে থাকেন।
নিহতের ছেলে সিরাজ মিয়া বার্তা বাজারকে জানায়, তাদের মা মঙ্গলবার সন্ধ্যায় মুরগি খোঁজতে বাড়ি থেকে বের হন। দীর্ঘসময় পরও বাড়ি ফিরছেন না দেখে সবাই খোঁজ করতে থাকেন। সারারাত খোঁজেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন বুধবার সকালে বাড়ির কাছে একটি ডোবায় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশি চাঁন মিয়া। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের আহম্মেদ সিদ্দিকী। এসময় নান্দাইল মডেল থানা থেকে একদল পুলিশ গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করলে তাঁর মায়ের মরদেহ সনাক্ত করা হয়।
সিরাজ মিয়া বার্তা বাজারকে আরও জানান, তাঁর মায়ের গলায় স্বর্ণের একটি চেইন এবং কানের দুল ছিল। কিন্তু মৃত দেহে সেগুলি দেখা যায়নি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বার্তা বাজারকে বলেন, মরদেহ শনাক্তের পর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার চাচাতো দেবর মিলন মিয়ার পুত্র মোমিন মিয়াকে আটক করা হয়েছে।
মজিবুর রহমাান ফয়সাল/বার্তাবাজার/এ.আর