নান্দাইলে বোনের কবর খোঁড়তে গিয়ে কবরেই ভাইয়ের মৃত্যু

বোনের কবর খোঁড়তে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভাই বাবুল মিয়া (৪০)। এর আগে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চাচাতো বোন নূরজাহান বেগম (৪০) মারা যান। বুধবার (৩ ফেব্রয়ারি) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ভাটি সাভার গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান বেগম(৪০) মারা যান। পরদিন বুধবার ওই গ্রামের মৌজ আলীর পুত্র দিনমজুর বাবুল মিয়া এলাকার সামাজিক গোরস্থানে অন্যদের সাথে বোনের কবর খোঁড়তে যান।

প্রত্যক্ষদর্শীরা বার্তা বাজারকে জানায়, বাবুল কোদাল হাতে নিয়ে কিছু মাটি সরানোর পর হঠাৎ চিৎকার করে ঢলে পড়েন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বাবুলের বাবা মৌজ আলী বার্তা বাজারকে জানান, ছেলেদেরকে নিয়ে সকালে নাস্তা খান এক সাথে। এরপর কবর খোঁড়তে যাওয়ার কথা বলে ঘর থেকে বেড়িয়ে যায় বাবুল। কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর পান।

এই বিষয়ে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: রাফি আদনান বার্তা বাজারকে বলেন, ধারণা করা গেছে তিনি হঠাৎ ভারি কাজ করতে গিয়ে স্ট্রোক করে থাকতে পারেন।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর