ডেস্ক রিপোর্ট: রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (১০ জুন) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার বড়ভোলা গ্রামে এই ঘটনা ঘটে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহেব জামান এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- বড়ভোলা গ্রামের দুলু মিয়া (৩০) ও তার চাচাতো ভাই এনামুল হক (২০)। আহত হলেন তাদের আরেক চাচাতো ভাই শাহিন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুলু মিয়া রাতে টয়লেটে গেলে অসাবধানতাবশত তার মোবাইলটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে নামলে জ্ঞান হারিয়ে ফেলেন দুলু মিয়া। তার উঠতে দেরি হওয়ার চাচাতো ভাই এনামুলও সেপটিক ট্যাংকে নামেন। এর কিছুক্ষণ পর আরেক চাচাতো ভাই শাহিনও সেপটিক ট্যাংকে নামেন।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুলু ও এনামুল। অসুস্থ শাহিনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানায়, এনামুল রংপুর কারমাইকেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে ঈদ উপলক্ষে চাচাতো ভাই দুলু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহেব জামান জানান, সেপটিক ট্যাংকের স্লাবের একটি অংশ ভাঙা ছিল, সেটা দিয়েই মোবাইল ফোনটি পড়ে গিয়েছিল। সেই মোবাইল ফোন তুলতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, মোবাইল ফোন তুলতে গিয়ে দু’জন মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।