জয়পুরহাটে করোনার টিকা দেয়া শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে

জয়পুরহাট জেলায় করোনার ভ্যাকসিনের ডোজ পাবেন ২৪ হাজার জন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় টিকা দেয়া শুরু হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মোট ৫৮টি বুথ স্থাপন করা হয়েছে। তবে যারা ডোজ পাবেন তাদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পূর্ন করতে হবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে টিকা নিয়ে আয়োজিত সংবাদ সন্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইসরাত ফারজানা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ইউএনও মিল্টন চন্দ্র রায়, সহকারী কমিশনার সোমাইয়া আক্তার, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি।

সংবাদ সন্মেলনে জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সব সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও বয়স্ক ব্যক্তিরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

তিনি আরো বলেন, টিকা নিয়ে নানা অপপ্রচার চলছে। যা শুধুই অপপ্রচার। অপপ্রচারের কারণে সরকারের মহৎ এ কর্মসূচি যেন ভেস্তে না যায়, সে বিষয়ে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।

জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ২ কার্টনে অর্থাৎ ২৪০০ ভায়াল ভ্যাকসিন এসেছে যা থেকে ২৪ হাজার মানুষকে টিকা দেয়া যাবে। জয়পুরহাট সদর উপজেলায় ৭৫৯২ জন, পাঁচবিবি উপজেলায় ৬১৮৭ জন, কালাই উপজেলায় ৩৭৬১ জন, আক্কেলপুর উপজেলায় ৩৬১৫ জন ও ক্ষেতলাল উপজেলায় ২৮৪৫ জনকে টিকা দেয়া যাবে। পর্যাক্রমে সস ধরনের শ্রেণি-পেশার মানুষকে টিকা দেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর