গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় দলের নারী ক্রিকেটার লিলি রানী বিশ্বাসের বিরুদ্ধে পঙ্গু প্রতিবন্ধী পরিবারের জায়গা দখল ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদুলিয়া গ্রামে প্রতিবন্ধি রাজ্জাক বিশ্বাস নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবন্ধি রাজ্জাক বিশ্বাসের ছেলে মো. রবিউল ইসলাম বিশ্বাস।
লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ নভেম্বর জাতীয় মহিলা দলের ক্রিকেটার লিলি রানী বিশ্বাসের নেতৃত্বে কিছু লোক আমাদের তপশীলভূক্ত জমিতে জোরপূর্বক প্রবেশ করে আমাদের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করে। আমরা গাছ কাটতে বাঁধা দিতে গেলে তারা আমাদের পরিবারের লোকজনের ওপর হামলা করে। এতে আমরা মারাত্মক আহত হই। এ সময় তারা আমাদের ঘরে ঢুকে আলমারী, ট্রাংক ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়।
তিনি আরো বলেন, প্রতিপক্ষরা আমাদের জায়গা দখল করে আমার দাদির কবরের ওপর মন্দির নির্মাণ করেছে। শুধু তাই নয়, লিলি রানী বিশ্বাস একের পর এক সরকারি জায়গা দখল করে একাধিক মন্দির নির্মাণ করেছেন বলেও অভিযোগ করেন ওই ভূক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ওই জমি দখলমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবার।
ক্রিকেটার লিলি রানী বিশ্বাস তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বার্তা বাজারকে বলেন, আমি কেন অন্যের জায়গা দখল করতে যাব। জায়গাটি মন্দিরের নামে রেকর্ড। মন্দিরটি সার্বজনীন মন্দির। এটা আমার একক কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয়। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
আরিফ/বার্তাবাজার/এ.আর