বগুড়ায় বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু, গ্রেপ্তার ৪

বগুড়ায় বিষাক্ত মদপানে আব্দুর রহিম (৪২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত ১১টার মধ্যে তাদের আটক করা হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর থানায় পুলিশ আলী আশরাফ ভূঞা এক প্রেস ব্রিফিংয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— পারুল ল্যাবরেটরিজ এর মো. নুরুন্নবী, মুন হোমিও হলের আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির কর্মচারী আবু জুয়েল ও করতোয়া হোমিও হল এর শহিদুল আলম সবুর।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর আমরা ২ দিন ধরে একটানা কাজ করছি। এখনও অভিযান চলছে। এর মধ্যে সদর থানার টিম ৪ জনকে গ্রেপ্তার করেছে। যারা এর সঙ্গে মূল জড়িত, আমাদের তদন্তে তাদের নাম চলে এসেছে। তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে পারুল হোমিও ল্যাবরেটরিজ বড়। পারুল হোমিও ল্যাবরেটরিজ থেকেই মূল সাপ্লাইটা হয়।’

পুলিশ সুপার আলী আশরাফ আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা যেটা বুঝতে পেরেছি, রেকটিফাইট স্পিরিট এর সাথে মিথানল মেশালে সেটি বিষ হয়ে যায়। সেরকম ঘটনাই ঘটেছে। তবে রেকটিফাইট স্পিরিট এবং মিথানল দেখতে একই রকম হওয়ায় ক্রেতারা বুঝতে পারে না। যে কারণে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহিম ছাড়া মারা যাওয়া বাকিরা হলেন- শহরের তিনমাথা পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার রামনাথ রবিদাস (৬০) ও পুরান বগুড়া জিলাদারপাড়ার শ্রমিক রমজান আলী (৬৫), শহরের ফুলবাড়ি এলাকার কারখানা শ্রমিক পলাশ হোসেন (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেল শ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমন রবিদাস (৩৮), বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকার হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫)।

এছাড়া শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী (৬০), কাটনারপাড়া হটুমিয়া লেনের বাবুর্চি মোজাহার আলী (৭৫) ও কাহালু পৌর এলাকার অটোরিকশার চালক কালাম মিয়া (৫০), পুরান বগুড়া এলাকার প্রেমনাথ রবিদাস (৭০), ফাঁপোড় এলাকার রিকশাচালক জুলফিকার রহমান (৫৬) ও ফুলবাড়ি মধ্যপাড়ার রিকশাচালক আবদুল জলিল (৬৫), শাজাহানপুরের অটোটেম্পু মেকার মেহেদী হাসান (২৮) ও জমির সার্ভেয়ার দক্ষিণ কাটাবাড়ি গ্রামের আহাদ আলী (৩৮), রহিমাবাদ উত্তরপাড়ার ইলেকট্রিক মিস্ত্রি আব্দুর রাজ্জাকের (৪৮) মৃত্যু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর