মামুনুল হকের মাহফিলে বাঁধা, মাদ্রাসা ছাত্রদের তুমুল বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মামুনুল হককে মাহফিলে আসতে বাঁধা দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে মাদ্রাসা ছাত্ররা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এই বিক্ষোভ করে ছাত্ররা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ইসলামী সম্মেলনে যোগদান করার কথা ছিল মাওলানা মামুনুল হকের। এছাড়া হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীও এই মাহফিলে আসবেন বলে কথা ছিল।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও খেলাফতে মজলিসের ভারপ্রাপ্ত মহসচিব মাওলানা মামুনুল হক ভৈরবে একটি মাহফিলে যোগদান করে ভাদুঘরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ১১টার দিকে মাদ্রাসা ছাত্ররা খবর পায় মাওলানা মামুনুল হককে আসতে বাঁধা দেওয়া হয়েছে।

খবর শুনে বিক্ষুদ্ধ ছাত্ররা কাউতুলী এলাকায় এসে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন কর। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান জানান, আল্লামা মামুনুল হককে মাহফিলে আসতে বাঁধা দেওয়ায় ছাত্ররা বিক্ষোভ করছে বলে শুনেছি। এখন খবর পেয়েছি তিনি ব্রাহ্মণবাড়িয়া আসছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, মামুনুল হককে আসতে বাধা দেয়া হয়েছে, এমন গুজব ছড়ানো হয়েছিল। এতে মাদরাসার ছাত্ররা বিক্ষোভ করে। মামুনুল হককে কোনো প্রকার বাধা প্রদান দেয়া হয়নি। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসতে রওয়ানা দিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর