চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নং আলকরণ ওয়ার্ডে স্থগিত কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত সাবেক কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নির্বাচন কমিশনে হাসিনা খানমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর পরিবারবর্গ।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুর পর উক্ত ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২৬ জানুয়ারী (মঙ্গলবার) নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত ওয়ার্ডে কাউন্সিলর পদের ভোট গ্রহনের তারিখ হিসেবে ২৮ ফেব্রুয়ারী দিন নির্ধারণ করা হয়।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক সোলেমান সেলিমের মৃত্যুর পর ৩১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হলেও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ী গত ২০ জানুয়ারি বাতিলকৃত সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের তারিখ ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
হাসিনা খানমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে মোহাইমিন তারেক রাতুল, মেয়ে তাফান্নুম তারেক ফেরদৌস সুবাহ, ভাই তারেক ইমতিয়াজ ইমতু, তারেক ইফতেখার ইফু ও তারেক নোমান।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/এসজে