রাকিবুল হাসান, পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম (৫৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ।আজ মঙ্গলবার (১১ জুন ২০১৯) সকাল ১০ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কালাম ওই গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আবুল কালামের ছেলে আবুল বাশারের জমিতে একই গ্রামের আব্দুল সরদারের ছেলে সাইফুল ইসলামের একটি গরু প্রবেশ করে পাট ক্ষেত নষ্ট করে। খবর পেয়ে বাশার গরুটিকে ক্ষেত থেকে নিয়ে তাদের বাড়িতে আটকে রাখে। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল ছুরি ও লাঠিসোঠাসহ দলবল নিয়ে বাশারের বাড়িতে হামলা চালায়।
এসময় বাশারকে না পেয়ে সাইফুল ছুরি দিয়ে তার বাবার বুকে আঘাত করে। মূমূর্ষ অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে কালাম মারা যান। খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।