শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর এবার ইংল্যান্ডের মিশন ভারত। ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ইংলিশরা।
উপমহাদেশে ইংল্যান্ডের রেকর্ড খারাপ নয়। কিছুদিন আগেই শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। এবার ভারতের মাটিতে পা রেখেছে জো রুটের দল। এই সিরিজে ভারতের বিপক্ষে একটি টেস্টও ইংল্যান্ড জিততে পারবে না বলে মনে করছেন ভারতের সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীর।
এ প্রসঙ্গে গম্ভীর বলেন, তাদের যে স্পিন আক্রমণ আছে তা নিয়ে ভারতের বিপক্ষে একটি টেস্টও জেতার সম্ভাবনা নেই। তবে শুধু গোলাপি বলের টেস্টটা ইংল্যান্ডকে দিতে পারি। সিরিজটা ৩-০ অথবা ৩-১ হবে।
শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন জো রুট। প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ম্যাচে ১৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে ভারতে জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনের মোকাবেলা করতে গেলে রুট হিমশিম খাবেন বলে মন্তব্য গম্ভীরের।
তিনি বলেন, শ্রীলঙ্কায় সে ভালো করেছে। তবে ভারতের মাটিতে তার জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সে যখন বুমরাহ কিংবা অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করা অশ্বিনের সামনে পড়বে, এটা তার জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে।
বার্তাবাজার/এস.জি