বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতের নাম কামরুজ্জামান (৪২)। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরতলীর বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছে থাকা ব্যাগ থেকে নগদ তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, বেশ কিছু সৌদি আরব ও মালয়েশিয়ার মুদ্রা এবং কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
বগুড়া গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত কামরুজ্জামান নব্য জেএমবি’র বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল সদস্য। তিনি সংগঠনের দাওয়াতী কার্যক্রম, অর্থ সংগ্রহ ও নব্য জেএমবিকে সংগঠিত করার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলায় হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন। গ্রেফতারকৃত কামরুজ্জামানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/পি