আশুলিয়ায় দুইদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় দুইদল ডাকাতের ভিতর বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছে। গত সোমবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, ডাকাতদের দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে পরিচয়বিহীন ওই ডাকাত মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মিরাজ হোসেন জানান, আশুলিয়ার মরাগাঙ্গ এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, দুই দল ডাকাতদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ডাকাতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর