মীম হত্যার বিচার চায় জবি ছাত্র ইউনিয়ন

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে মীম নামে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র ইউনিয়ন।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কে.এম. মুত্তাকী বলেন, মীম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর ভেতরেও তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়, এমন ঘটনাও আমরা দেখেছি। এই ধরণের ঘটনাপ্রবাহ সমাজ এবং রাষ্ট্রে বিরাজমান বিচারহীনতা এবং সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণেই সংগঠিত হচ্ছে।

শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন বলেন, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। মীমের এই পরিণতি সমগ্র বাংলাদেশকেই লজ্জিত করে। আমরা এই ধারাবাহিক হত্যাকাণ্ডের বিচার চাই।

শাখা ছাত্র ইউনিয়নের নেত্রী আসমানী আশার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অঞ্জন রানা গোস্বামী, সাফিয়া নূর প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর