ব্রিস্টলে সকাল শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি দিয়ে। আকাশে উড়ে বেড়ানো কালো মেঘ সঙ্গে বাতাস। তবে সেই বৃষ্টি থেমেছে। মাঠ পরিচর্যার কাজও শুরু করেছেন কর্মীরা। বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ শুরু হওয়া নিয়ে তাই আশা দেখা যাচ্ছে।
তবে ম্যাচ শুরু হলেও তা কতক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হবে তা নিয়ে থাকছে প্রশ্ন। বৃষ্টি থামলেও ব্রিস্টলে হাড়ে কামড় বসানো ঠান্ডা। বেলা বাড়লেও ঠান্ডা কমার পূর্বাভাস নেই। বরং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, তুষারপাতও হতে পারে ব্রিস্টলে।
এছাড়া স্থানীয় সময় বেলা ১২টার দিকে আবার বৃষ্টি শুরু হতে পারে। যদিও ইংলিশ গ্রীষ্মে তাদের আবহাওয়া নিয়ে জোর দিয়ে কিছু বলার নেই। বৃষ্টি হয়তো আগেও হানা দিতে পারে ম্যাচে। মাঠ যেহেতু পরিচর্যার কাজ চলছে টস হওয়ার সম্ভাবনা আছে। এমনকি ঘন্টা দুই খেলাও হতে পারে।
বৃষ্টি ভেজা মাঠ-উইকেট সঙ্গে আকাশে মেঘ এবং বাতাস। টস জয়ী দল প্রথমে বোলিং নিতে দ্বিতীয়বার ভাববে না। পেসাররা ছো মারবে ব্যাটসম্যানদের দিকে। শুরুতে ব্যাটিং পাওয়া দলের তাই রান পেতে ধুঁকতে হবে বেশ। আর বৃষ্টির পেটে যদি ম্যাচের ঘন্টা তিনেক চলে যায় তবে বৃষ্টি আইনের দারস্ত হতে হবে।