গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের একটি বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আপিলের রায় ঘোষণার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন হাইকোর্ট।
রায় ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। সোমবার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত এ বেঞ্চে এ আদেশ দেন রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ আহসান, মো. নাসিরউদ্দিন।
এছাড়া পলাতক আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন আমূল্য কুমার সরকার।
মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠের পাশ থেকে ৭৬ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়।
সূত্রে আরও জানা যায়, বোমা উদ্ধার হওয়ার পরেরদিনই শেখ হাসিনার সেই স্থানেই বক্তব্য দেয়ার কথা ছিলো।
পরে এ ঘটনায় কোটালিপাড়া থানার উপ পরিদর্শক নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের নেতা আব্দুল হানানসহ আরও ২৫ জনের বিরোদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলা সূত্রে জানা গেছে, বোমা মেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ১০ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন এবং একজনের যাবজ্জীবন ও তিনজনের ১৪ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
বার্তাবাজার/ভি.এস