পিএসজিতেই থাকবেন নেইমার, সঙ্গে চান এমবাপেকেও

প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নেইমারকে ভবিষ্যতে দেখা যাবে কিনা এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে নেইমার জানিয়ে দিলেন, তিনি পিএসজিতেই থাকতে চান।

রোববার রাতে লিগ ওয়ানে লরিয়েন্তের কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। এই ম্যাচে জোড়া গোল করেন নেইমার। ম্যাচ শেষে ভক্তদের এই সুখবর দিয়েছেন নেইমার।

নেইমার বলেন, এই মুহূর্তে আমি সত্যিই অনেক খুশি। অনেক কিছু পাল্টে গেছে। অনুভূতিটা আমি ব্যাখ্যা করতে পারছি না। আমি এখানে নিজেকে মানিয়ে নিয়েছি। আমি পিএসজিতে থাকতে চাই।

তবে পিএসজিতে নেইমার একা নয়, ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকেও সঙ্গে চান তিনি। এ প্রসঙ্গে নেইমার বলেন, আমি চাই এমবাপেও আমার সঙ্গে এখানেই থাকুক। এটা সমর্থকদেরও চাওয়া। আমরা পিএসজিকে একটি অসাধারণ দল হিসেবে দেখতে চাই।

তিনি আরও বলেন, ওর সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো। আমি তার চেয়ে বয়সে বড়। আমরা একসঙ্গে খেলাটা সত্যিই পছন্দ করি। তার কাছ থেকে আমি সবসময় সেরাটা পেতে চাই। আমি তাকে ‘গোল্ডেন বয়’ বলে ডাকি। সে দলের জন্য রত্ন। তার হৃদয় অনেক বড়।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর