৩১ নং আলকরণ ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তারেক সোলেমানের স্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম।

হাসিনা খানম বলেন, আমার স্বামী ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও জনদরদি। জনগণের সেবায় কাজ করাই ছিল তাঁর মূল লক্ষ্য ও নীতি। তাঁর নীতি আদর্শে উজ্জীবীত হয়ে জনগণের সেবা করতে চাই এবং তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তাই কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, নগরীর ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম গত ১৮ জানুয়ারী ক্যান্সার রোগাক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে সেই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে মঙ্গলবার (২৬ জানুয়ারী) নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত ওয়ার্ডে কাউন্সিলর পদের ভোট গ্রহনের তারিখ হিসেবে ২৮ ফেব্রুয়ারী দিন নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক সোলেমান সেলিমের মৃত্যুর পর ৩১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হলেও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ী গত ২০ জানুয়ারি বাতিলকৃত সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের তারিখ ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, নতুন তফসিল অনুযায়ী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। তবে ইতোপূর্বে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়ে থাকলে নতুন করে তাকে মনোনয়ন দাখিল করতে হবে না বলে জানান হাসানুজ্জামান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর