মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিকে গ্রেফতারের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
সুচি ও রাষ্ট্রপতি উইন মিন্টসহ আটক নেতাদের মুক্তি না দিলে ‘ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেন বাইডেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পরিবর্তন বা গণতান্ত্রিক ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়াকে ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং বেশ কয়েকজন শীর্ষ নেতাদের আটক করে দেশটির সেনাবাহিনী।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হয়।
বার্তাবাজার/এস.জি