নেসকো কোম্পানি লিমিটেডের কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্দান কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ পাবনা জোনের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে তারা দাবি জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের এমডি জাকিউল ইসলামের অনিয়ম দূর্নীতি বন্ধ ও মিটার রিডার এবং বিল বিতরণ কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের প্রতিশ্রতি দিলেও তা এখনো বাস্তবায়ন করেনি।
এছাড়াও প্রিপেইড বিদ্যুৎ মিটারে উন্নতকরনের ফলে রংপুর ও রাজশাহী জোনের ৭৬০ জন মিটার রিডার এবং বিল বিতরণকারী বেকার হয়ে পড়বে। ফলে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা। অনেকে ১৫ থেকে ২০ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত রয়েছেন। চাকুরী স্থায়ীকরণের দাবিতে গত ২৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে মিটার রিডার এবং বিল বিতরণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদেক আলী, পাবনা ডিভিশন-২ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পাবনা সার্কেলের সভাপতি আলী আকবর, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার প্রমুখ। এ সময় নেসকো কোম্পানি লিমিটেডের প্রায় দেড় শতাধিক কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বার্তাবাজার/পি