ভোটকেন্দ্রে গোলাযোগকারী আ’লীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে আটক হওয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারোন সম্পাদক তোহেরুল ইসলাম তোতাকে মুচলেকা নিয়ে মুক্ত করে দিয়েছে পুলিশ।

গত শনিবার (৩০ জানুয়ারি) বিকালে পৌরসভার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে তাকে আটক করে পুলিশ। এর মাত্র কয়েক ঘন্টা পরে রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি রোববার (৩১ জানুয়ারি) নিশ্চিত সন্ধ্যায় নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম।

জানা যায়, শনিবার বিকালে ৪টার দিকে আওয়ামী লীগ নেতা তোতা একটি ভোটকেন্দ্রে গোলমাল করছিলেন। তখন সেখানে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে তোতাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে গ্রেফতারের নির্দেশ দেওয়া ম্যাজিস্ট্রেট, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা যায়নি।

তবে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন চলাকালীন কেউ আটকের পর পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যদি ঘটনার সত্যতা না পান তাহলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ আটক ব্যক্তিকে ছেড়ে দিতে পারে। তবে ছেড়ে দেয়ার বিষয়টি আমার জানা নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর