২ বছরের কন্যাকে গলাকেটে হত্যা করলো মা

ভোলায় ২ বছরের কন্যা শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে গলাকেটে হত্যা করেছেন তার মানসিক ভারসাম্যহীন মা। রোববার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মা তানিয়াকে রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ ও নিহতের স্বজনরা বার্তা বাজারকে জানান, রাজমিস্ত্রী মো: সবুজের স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। আজ সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার শিশু কন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে জবাই করে হত্যা করে। এর পর মেয়ের মৃতদেহ কোলে করে পাশের ঘরে তার শ্বাশুরির কাছে নিয়ে আসে। হত্যাকারী মা তানিয়া বেগম নিজেই দা দিয়ে জবাই করে হত্যা করেছে বলে স্বীকার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বার্তা বাজারকে জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পাশাপাশি হত্যাকারী মাকে গ্রেপ্তার করেন। এছাড়া নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান।

অনিক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর