রাজধানীর বিশেষ এলাকা হিসেবে পরিচিত মিরপুরের নাম বদলে মুক্তিযোদ্ধানগর রাখার জন্য প্রস্তাব দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার। মুক্তিযুদ্ধের প্রচুর স্মৃতি চিহ্ন বহন করা এই এলাকাকে মুক্তিযোদ্ধানগর নামকরণের পাশাপাশি সনি সিনেমাহলের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য নির্মাণের কথাও জানান তিনি।
রোববার (৩১ জানুয়ারি) মিরপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই কথা জানান।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে হবে, দেশপ্রেম জাগাতে হবে।
ওয়েবিনারে অংশ নেওয়া বক্তারা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নামকরণের দাবি জানিয়েছেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ওয়েবিনারে কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বার্তাবাজার/এসজে