করোনাকালে শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করছে। এবার তারা দাবি আদায়ের নিমিত্তে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচীর ঘোষণা দিয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) তারা এই কর্মসূচি পালন করবে।
জানা যায়, কারিগরি বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। মোট আটটি সেমিস্টারে ভাগ করে চার বছরে এই কোর্স শেষ করার কথা থাকলেও এই কোর্সে অধ্যয়রত ১৪ লাখ শিক্ষার্থী পাঠদান বন্ধ থাকায় ১১ মাসে মোট ২ সেমিস্টার পিছিয়ে গেছে।
এ ক্ষতি পুষিয়ে নিতে তারা শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি বোর্ডের কাছে চার দফা দাবি জানিয়েছেন।
দাবিগুলো হল- ইতোমধ্যে এক বছরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস শুরু এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া।
সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করা এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা।
এবং ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করে তা চলতি বছরের মধ্যে কার্যকর করা।
উপরের চার দফা দাবি আদায়ের জন্য সোমবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সামাজিকমাধ্যম ফেসবুকে একাধিক গ্রুপ করে সেখানে নিজেদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে তারা।
বার্তাবাজার/এসজে