চট্টগ্রামে এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান। প্রথম দফায় বরাদ্দের ৩৮ কার্টন (৪ লাখ ৫৬ হাজার ডোজ) চট্টগ্রামে পৌঁছার পর সরাসরি সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়।
রোববার (৩১ জানুয়ারি) সকাল বরাদ্দকৃত ৩৮ কার্টন (৪ লাখ ৫৬ হাজার ডোজ) টিকা পৌঁছে দেয় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল। চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির নেতৃত্বাধীন কমিটি এসব টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বার্তা বাজারকে জানান, রোববার সকালে ৩৮ কার্টন (৪ লাখ ৫৬ হাজার ডোজ) টিকা নিয়ে বেক্সিমকোর গাড়ি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কর্মসূচী শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
সিভিল সার্জন বার্তা বাজারকে আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত নির্দেশনা পেলেই টিকাদান কর্মসূচি শুরু করা যাবে। চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে নগরীতে এ কার্যক্রম তত্ত্বাবধান করবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং উপজেলায় ইউএনও। নগরীর ১৫ কেন্দ্রে মোট ৪২টি টিম কাজ করবে। আর ১৪টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেওয়া হবে করোনার টিকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে বলেও জানান।
রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না। তাই অগ্রাধিকারের জন্য ‘সুরক্ষা’ অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটে অনলাইন নিবন্ধন করতে হবে। মোবাইলে অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। নাগরিকগণ (www.surokkha.gov.bd) অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।
হুমায়ুন/বার্তাবাজার/এ.আর