প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে নেওয়া সম্ভব হয়নি উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা ঠিকই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে ফরম পূরণ করেছিলেন। এবার সেই টাকা পুরোটা ব্যয় না হওয়ায় উদ্বৃতাংশ ফেরত দিয়ে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা।
রোববার (৩১ জানুয়ারি) এ বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
জারিকৃত নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ণ, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি বাবদ যে অর্থ আদায় করা হয়েছিল তার ফেরত দেওয়া হবে। এজন্য যারা পরীক্ষার ফরম পূরণ করেছিল তাদেরকে উত্তরপত্রপ্রতি বোর্ড নির্ধারিত ফি হতে ৩০ টাকা করে ও ব্যবহারিক পরীক্ষার জন্য পত্রপ্রতি দশটাকা করে বোর্ড থেকে ফেরত দেওয়া হবে।
নির্দেশনায় আরও জানানো হয়, প্রতি পরীক্ষার্থী ২০০ টাকা ও আইসিটি বিষয়ের জন্য অতিরিক্ত ২৫ টাকা করে ফেরত পাবে। আইসিটি ছাড়া অন্য বিষয়ের শিক্ষার্থীরা পত্র প্রতি ৪৫ টাকা করে পাবে। এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া টাকা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফরম পূরণ বাবদ আদায়কৃত টাকার ১০ শতাংশ ও আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায়কৃত ফি থেকে জনপ্রতি ২০ টাকা করে পাবে।
তাছাড়া, উচ্চমাধ্যমিক সমমান পরীক্ষায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা করে দিবে। এই টাকা পরীক্ষার যাবতীয় খরচ বাবদ ধরা হবে।
শিক্ষা বোর্ড থেকে জারিকৃত এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও মাউশির আঞ্চলিক কার্যালয়সহ ঢাকা বোর্ডের বিভিন্ন কলেজের অধ্যক্ষের কাছেও পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে