প্রথম চালানে লক্ষ্মীপুরে ৬০ হাজার ডোজ করোনা সুরক্ষা ভ্যাকসিন এসে পৌঁছেছে। রোববার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতর থেকে ফ্রিজার গাড়িযোগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করোনা সুরক্ষা ভ্যাকসিন এসে পৌঁছায়।
এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফফারসহ ভ্যাকসিন ও প্রয়োগ কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউজ্জামান ভূঁইয়া এসব ভ্যাকসিন গ্রহণ করেন। পরে জেলা ইপিআই কোল্ড স্টোরেজ কক্ষে সেগুলো রাখা হয়।
সিভিল সার্জেন ডাঃ মোঃ আব্দুল গাফফার বার্তা বাজারকে জানান, তাপমাত্রা পরীক্ষার পর এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। মোট ৫টি কার্টুনে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন রয়েছে। প্রতিটি কার্টুনে আছে ৬ হাজার ভায়াল।
তিনি বার্তা বাজারকে আরও বলেন, এর মধ্যে প্রথমে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টীকা প্রদান করা হবে। ইতোমধ্যে করোনা প্রয়োগের জন্য ৬ জন করে ১৮টি টিম প্রস্তুত রাখা হয়েছে। যারা করোনা টীকা দেবে তাদের প্রশিক্ষন চলবে সোমবার (১লা ফেব্রুয়ারি) থেকে। আর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টীকা দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে করোনা টীকা আসবে এবং দেয়া অব্যাহত থাকবে।
রাসেল/বার্তাবাজার/এ.আর