বার্তা বাজার প্রতিনিধির ওপর হামলা: ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে জাতীয় অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় সংবাদদাতা মো. আক্তারুজ্জামানের ওপর হামলা চালান উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত ও তার সহযোগীরা।
গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই হামলার পরদিন শুক্রবার (২৯ জানুয়ারি) নিজের ভুল বুঝতে পেরে তার জন্য অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন চেয়ারম্যান হারুত।
স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের উপস্থিতিতে তার বাসভবনে এক বৈঠকে নিজের ভুল স্বীকার করে চেয়ারম্যান হারুত বলেন, গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের চলমান নির্মাণ কাজের যে স্থানে সমস্যা ছিল সেটা ভেঙ্গে নতুন করে কাজ করা হয়েছে। এই ঘটনার জন্য আমি অনুতপ্ত। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
পরদিন (শনিবার) সকালে সাংসদ এবাদুল করিমের নির্দেশে এমপিএস মুক্তার হোসেন সিকদার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। তখন তিনি জানান, এমপি মহোদয়ে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এজন্য তিনি সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না, কঠোর হস্তে দমন করা হবে।
বার্তাবাজার/এসজে