মহামারি করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে এবারের আইপিএল নিজেদের মাটিতে আয়োজন করতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল থেকে দেশের মাটিতেই হবে এবারের আইপিএল।
টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার চিন্তাভাবনাও করছে বিসিসিআই। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভারতেই এবারের আইপিএল আয়োজন করার ভাবনা রয়েছে। করোনাভাইরাসের কথা যদি বলতে হয় তাহলে ভারতের বর্তমান পরিস্থিতি ভালো। সব ঠিক থাকলে ভারতেই এবারের আইপিএল হবে।
তিনি আরও বলেন, এবারের আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। সূচি চূড়ান্ত না হলেও এবারের আসরের ব্যাপ্তি হবে প্রায় দুই মাস। টুর্নামেন্টের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের আসরে গ্যালারিতে দর্শক থাকবে কিনা এ ব্যাপারে আলোচনা চলছে।
বার্তাবাজার/এস.জি