রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা মৃত নারীদেহ ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র আসামি ও ডোমের সহকারী মুন্না ভগত (২০)। শনিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার কাছে তিনি এই জবানবন্দি দিয়েছেন।
রোববার (৩১ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার।
তিনি জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা দুই মামলায় রিমান্ড শেষে শনিবার (৩০ জানুয়ারি) মুন্নাকে আদালতে হাজির করা হয়। তখন মামলার তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড শেষে মুন্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৫ জানুয়ারি আসামি মুন্না ভগতকে আদালতে হাজির করে দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলমের এই আবেদন শুনানি শেষে ১৪ দিনের স্থলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত বছরের ১০ ডিসেম্বর মর্গে রাখা মৃত নারীদেহ ধর্ষণের ঘটনা তেজগাঁও থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে একটি মামলা করেন। একই মাসের ২৫ তারিখ একই থানার এসআই সনজিত কুমার ঘোষ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। তারও আগের নভেম্বর মাসে মর্গে মৃতদেহ ধর্ষণের দায়ে মুন্না ভগতকে আটক করে সিআইডি পুলিশ।
বার্তাবাজার/এসজে