প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
তবে দেড় বছর পর টেস্ট ক্রিকেটে নামছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ফিরেন তিনি। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা হয়েছেন তিনি।
কিন্তু শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাকিবকে। যার ফলে টেস্টে তাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা দূর হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) বাংলাদেশ দলের ক্রিকেটারদের ছুটি ছিল। দলের সবাই বিশ্রামে থাকলেও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়া কালেফাতোকে নিয়ে ব্যাটিং-বোলিং অনুশীলন করেন সাকিব।
এদিন একমাত্র পেসার হিসেবে অনুশীলনে ছিলেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন তাসকিন। দলে নিজের জায়গা ধরে রাখতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
বার্তাবাজার/এস.জি