টেস্ট দলে পাঁচ পেসার রাখার কারণ জানালেন নান্নু

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের এই স্কোয়াডে আছেন পাঁচ পেসার।

মূলত ইনজুরির কথা বিবেচনায় রেখে স্কোয়াডে পাঁচ পেসার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দলের পেস আক্রমণে আছেন নিয়মিত মুখ আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

দলে পাঁচ পেসার রাখার কারণ জানিয়ে নান্নু বলেন, শুধু একটা ম্যাচ মাথায় রেখে দল করা হয়না। দলের মধ্যে স্পিনার, পেসার সবাইকেই তৈরি রাখতে হয়। বোলারদের স্ট্যান্ডার্ড যেন ঠিক থাকে সেভাবেই ভারসাম্য রাখা হয়।

তিনি বলেন, আমরা অনেক পর টেস্ট খেলতে নামছি। যেকোনো সময় যে কেউ ইনজুরিতে পড়তে পারে। সে হিসেবে এবং ফিটনেস লেভেলের কথা বিবেচনা করে আমরা পাঁচ পেসার রেখেছি। আশা করি সবার ফিটনেস লেভেল ভালো আছে এবং তাদের দুই টেস্টেই ভালো অবস্থানে পাব।

উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর