ঠাকুরগাঁওয়ে পৌঁছাল করোনার ভ্যাকসিন

অবশেষে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন।

আজ রবিবার সকাল ৯টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটি গাড়িতে করে নিয়ে আসা হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত করোনার ভ্যাকসিন।

এ সময় সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভ্যাকসিনগুলো বুঝে নিয়ে আধুনিক সদর হাসপাতালের ষ্টোর রুমে সংরক্ষণের জন্য পাঠান।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান জানান, ঠাকুরগাঁও জেলার জন্য প্রথম পর্যায়ে ৪৮শ’ ভায়াল ভ্যাকসিন পৌঁছেছে। সিভিল সার্জনকে সভাপতি করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্যদের নিয়ে ছয় সদস্য বিশিষ্ট করোনা ভ্যাকসিন রিসিভ কমিটি রয়েছে। সেই কমিটি আজ ভ্যাকসিনগুলো রিসিভ করেছে।

তিনি আরও বলেন, প্রতিটি ভায়াল থেকে ১০জনকে ভ্যাকসিন প্রদান করা যাবে। অর্থাৎ ৪৮শ’ ভায়াল থেকে এ জেলার ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সংশ্লিস্টদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানান সিভিল সার্জন।

উল্লেখ্য, এ জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর