সিংগাইর পৌরসভা নির্বাচনে প্রধান তিন দলের প্রার্থী চুড়ান্ত

পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে সিংগাইর পৌরসভার প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের প্রার্থী চুড়ান্ত করেছে। শনিবার (৩০ জানুয়ারি) ক্ষমতাশীন আওয়ামীলীগ ও বিএনপি এবং এর আগেই জাতীয় পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আসন্ন সিংগাইর পৌরসভা নির্বাচনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন গত নির্বাচনের নৌকার প্রার্থী আবু নাঈম মোঃ বাশার। তিনি সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সকল গুঞ্জন শেষে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড তাকে মেয়র হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি পৌরসভার ৯ ওয়ার্ডে প্রায় ৭ হাজার মাস্ক বিতরণ করেছেন।

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এডঃ খোরশেদ আলম ভূঁইয়া জয় কে পুনরায় চুড়ান্ত করেছে বিএনপি মনোনয়ন বোর্ড। তিনি পৌর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি। উপজেলা ও পৌর বিএনপি তার সমর্থনে সভা করেছে।

এদিকে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি আসন্ন পৌরসভা নির্বাচনে প্রথমবারের মেয়র প্রার্থী ঘোষণা করে পৌর জাতীয় পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক কে চুড়ান্ত করেছে দলটি। গত ৫ ডিসেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাসভবন জামির্ত্তা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিন ২ রা ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ঠা ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষদিন ১১ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর