প্রথম ধাপে রংপুরের জন্য বরাদ্দ আড়াই লাখ ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে।
রবিবার (৩১ জানুয়ারি) ভোর ৬ টায় বেক্সিমকোর একটি ফ্রিজার ভ্যানে এসে পৌঁছেছে সেরামের ১৭ কার্টুন ভ্যাকসিন। কোল্ড চেইন মেইনটেইন করে আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে এসব ভ্যাকসিন।
জানা যায়, রংপুরে ৭ উপজেলায় ৭টি বুথের মাধ্যমে এবং সিটি কর্পোরেশনে ৬ টি বুথের মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে এ প্রয়োগ শুরু হবে।
রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, প্রাপ্ত ২০ হাজার ৪০০ ভায়াল দেয়া যাবে ২ লাখ ৪০ জনকে। স্বাস্থ্যকর্মী,পুলিশ, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ ব্যাক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
সিভিল সার্জন আরও বলেন,ভ্যাকসিন পেতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না বলেও জানান তিনি।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগের দিনাজপুর জেলায় আট কার্টন, কুড়িগ্রামে পাঁচ কার্টন, লালমনিরহাটে তিন কার্টন, গাইবান্ধায় ছয় কার্টন, নীলফামারীতে পাঁচ কার্টন, পঞ্চগড়ে দুই কার্টন এবং ঠাকুরগাঁওয়ে চার কার্টন সরবরাহ করা হবে। সে হিসেব অনুযায়ী এই বিভাগে প্রথম ধাপে ৬ লাখ ৪৮ হাজার ডোজ টিকা সরবরাহ করা হচ্ছে।