তৃতীয় ধাপে নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মো. আমিনুর রহমান পুনঃরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) মাহববুর রহমান চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী (নারকেল গাছ) প্রতীকে এ্যাড. আইয়ুব হোসেন পেয়েছে ৩৬৩ ভোট। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯২ শতাংশ।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন ধামইরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মো. সাজ্জাদ হোসেন।
এর আগে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছিল মোবাইল টিম।
ধামইরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ২২৭ জন এবং নারী ৬ হাজার ৪১৩ জন। ৯টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে সর্বমোট ৩৮টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রেজওয়ান/বার্তাবাজার/এসজে