জীবনে আর ভোট দিতে পারি কি না তাই নাতির কোলে উঠে পছন্দের মার্কা নৌকাকে আমার জীবনের শেষ ভোটটি দিয়ে গেলাম। এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন।
কথাগুলো বলছিলেন শরীয়তপুর ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট দিতে আসা শতবর্ষী বৃদ্ধা মৃত ছাদেম আলী ঘোলমতাজের স্ত্রী ফুল মেহেরজান বিবি। তিনি ভেদরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গৈডা গ্রামের বাসিন্দা। নাতি মো.নাসির উদ্দিন ঘোলমতাজের কোলে উঠে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।
ফুল মেহেরজান বলেন, হয়তো আমি জীবনের শেষ ভোটটি দিলাম। অনেক ভালো লাগলো। ভোটের কথা শুধু সবার মুখে শুনতাম, হাঁটতে পারি না তাই বিছানায় পড়ে থাকি। ভেবেছিলাম ভোট দিতে পারব না। কিন্তু ছোট নাতি ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। ভোট দিয়েছি।
এই বৃদ্ধার নাতি নাসির উদ্দিন ঘোলমতাজ বলেন, আমরা চার ভাই ও দুই বোন। দাদা (ছাদেম আলী ঘোলমতাজ) ১৫ বছর আগে মারা গেছেন। আজ দুপুরে অনুনয়-বিনয় করে দাদি বলছিলেন ভোট দেবেন, তাই আজকে দাদিকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। দাদির বয়স হয়েছে, কতদিন বাঁচেন আল্লাহ জানেন। ভোট দিতে নিয়ে এসেছি।
নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ভেদরগঞ্জ পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই পৌরসভায় মোট ভোটার ৮হাজার ১৩৫ জন। এর মধ্যে ৪ হাজার ৭১ জন পুরুষ এবং ৪ হাজার ৬৪ জন নারী।
আসাদ গাজী/বার্তাবাজার/এসজে