ঠাকুরগাঁওয়ে পৌর কাউন্সিলর প্রার্থীর ইন্তেকাল

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও আসন্ন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী ময়নুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। এবার তিনি উঠপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছিলেন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। নিহত ময়নুল ইসলাম ওই ওয়ার্ডের শাহপাড়া মহল্লাহর মৃত মনির উদ্দীনের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। শনিবার বিকালে শহরের শাহপাড়া এলাকার বাড়িতে অসুস্থ হন। হাসপাতালে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় বিকাল ৪ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা সমর্থকগণ। সেই সাথে ভোট হবে কি হবেনা এ নিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে শুরু হয়েছে নানা রকম জল্পনা-কল্পনা।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সহকারি রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম জানান, নির্বাচন কমিশনকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট বাতিল করা হয়েছে। পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।

৭ নম্বর ওয়ার্ডের অন্য কাউন্সিলর প্রার্থীরা হলেন- আবুল হোসেন (টেবিল ল্যাম্প), আরিফ হোসেন (পাঞ্জাবি), মমিনুল ইসলাম (ডালিম), রমজান আলী (ঢেঁড়শ) ও রতন চন্দ্র দেবনাথ (গাজর)।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর