‘আগামী ডিসেম্বরের মধ্যে মোংলা-খুলনা রেললাইনের কাজ শেষ হবে’

চলতি বছরের ডিসেম্বরেই মোংলা-খুলনা রেললাইনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা-খুলনা রেললাইন নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী এসময় বলেন, যেহতেু দীর্ঘমেয়াদি প্রজেক্ট তাই দ্রুত এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। এ বছরের জুন মাসে এই কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি বাধাগ্রস্থ হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে এ রেল লাইনের ওপর ব্রিজ ও কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু মাটির কাজ বাকি আছে।

সেটি এই শুকনো মৌসুমে শেষ করা হবে। শুরুতে ২০১০ থেকে ২০১৩ মেয়াদে এক হাজার ৭২১ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল প্রকল্পটি। অথচ তিন দফায় প্রকল্প ব্যয় বাড়তে বাড়তে এখন তিন হাজার ৮০১ কোটি টাকায় পৌঁছেছে। খুলনা-মংলা বন্দর রেলপথ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের, আইএমইডির সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যেই
চতুর্থবারের মতো ২০২১ সাল পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

অর্থাৎ প্রকল্প শেষ হওয়ার সময় বাড়ছে আট বছর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ
ডিসেম্বারের মধ্যে শেষ করা হবে। খুলনা-মংলা রেলপথ প্রকল্পের কাজ তিনটি অংশে বিভক্ত। রেলসেতু, রেললাইন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। এছাড়া ২১টি ছোটখাটো ব্রিজ ও ১১০টি কালভার্ট নির্মিত হচ্ছে এর আওতায়।

রেল মন্ত্রীর সাথে এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা-খুলনা রেললাইন নির্মাণের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকনের প্রকল্প ম্যানেজার অজিত কুমার, ডেপুটি ম্যানেজার তীর থংকর জানা ও বিরেন সাহা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান জসিম/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর