সরিষাবাড়ীতে একটি ভোটকেন্দ্র স্থগিত, প্রিজাইডিং অফিসারসহ আটক ৫

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে আর ইউ টি উচ্চ বিদ্যালয় (৪ নম্বর) কেন্দ্রে ব্যালট পেপার অনিয়মের অভিযোগে কেন্দ্রটি স্থগিত করেছে প্রশাসন। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল আলম তরফদার, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল মোতালেব ও শাহাবুদ্দিন আহমেদকে আটক করে পুলিশ।

অপরদিকে সকাল ১১টার দিকে আরামনগর কামিল মাদরাসা (১ নম্বর) কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান (ডালিম) ও লিটন মিয়ার (উটপাখি) সমর্থকদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। এসময় পুলিশ রাকিব ও বিশু মিয়া নামে দুইজনকে আটক করে।

এছাড়া উত্তর বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭ নম্বর) কেন্দ্রে কাউন্সিলরদের দু’পক্ষের সমর্থকদের মধ্যে সকাল ৯টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিকেল ৪টার দিকে বাউসি বাঙালি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিনকে (পাঞ্জাবি) প্রতিপক্ষ প্রার্থীর লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। দুপুর পৌনে ২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন অভিযোগ করেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ সকাল থেকে সবগুলো ভোটকেন্দ্র দখল করে। এরপর তারা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে গণহারে নৌকা প্রতীকে সিল মারে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৮৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৩৯ ও মহিলা ভোটার ২১ হাজার ৮৩০ জন। ৯টি ওয়ার্ডের ১৮টি ভোটকেন্দ্রের ১১৭টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা হলেন আওয়ামী লীগ মনোনিত মনির উদ্দিন (নৌকা), বিএনপি মনোনিত এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন (ধানের শীষ) ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ফজলুল হক খান (নারিকেল গাছ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাকসুদ আলম জানান, অনিয়মের অভিযোগে আর ইউ টি উচ্চ বিদ্যালয় কেন্দ্র স্থগিত এবং প্রিজাইডিং অফিসার ও দুইজন সহকারী প্রিজাইজিং অফিসারকে আটক করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো। তবে ছোটখাটো ঘটনার জন্য রাকিব ও বিশু নামে দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর